রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যা খুশি করুন, আমরা পিছু হটব না: মোদিকে রাহুল গান্ধী

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সরকার যত পদক্ষেপই নিক, সংবিধান রক্ষা ও জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার আন্দোলন থেকে তাঁরা সরে আসবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’

ভিডিওবার্তায় কংগ্রেস নেতা দাবি করেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মতো ব্যক্তিরা ক্রমেই চাপে পড়ছেন। তিনি বলেন, ‘আমরা তাদের ঘিরে ধরছি।’

বিক্ষোভকারীদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। আন্দোলনের সঙ্গে যুক্ত সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও তাঁরা পিছু হটবেন না।

তিনি বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’

কংগ্রেস নেতার দাবি, তাঁদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রাখতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

দেশটির তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেন, সংবিধানের ওপর যারা আঘাত হেনেছেন, তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যেসব ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

রাহুল গান্ধীর এই বক্তব্যে ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে সংবিধান, গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চলমান বিরোধের বিষয়টি উঠে এসেছে। তবে তাঁর বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলো কংগ্রেস নেতার নিজস্ব দাবি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন