গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ সরকার গঠনের পর বিএনপি গণভোটকে অবৈধ বলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।”
সমাবেশ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
মামুনুল হক বলেন, এসব দাবি পূরণ না হলে ধীরে ধীরে আন্দোলনের গতি ও তীব্রতা বাড়ানো হবে। সংবিধান সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান পরিবর্তন না হলে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তিনি।

