রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আইফোন ১৮ প্রোর যে সমস্যা নিয়ে উদ্বেগে ব্যবহারকারীরা

নিউজ ডেস্ক

অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের স্পিকার থেকে অস্বাভাবিক শব্দ শোনার অভিযোগ করেছেন একাংশ ব্যবহারকারী। তাঁদের দাবি, ফোনের স্পিকার থেকে মাঝেমধ্যে খটখট, টিক, পপ বা এলোমেলো ক্লিকের মতো শব্দ হচ্ছে। তবে সমস্যাটির প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফোনের ইয়ারপিস স্পিকারে। কিছু ব্যবহারকারী নিচের স্পিকার থেকেও একই ধরনের শব্দ শোনার কথা জানিয়েছেন। দুই মডেলেই এমন অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন কাজের সময় শোনা যাচ্ছে শব্দ

ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী, সবার ক্ষেত্রে সমস্যাটি একইভাবে দেখা যাচ্ছে না। কেউ প্রায় নিয়মিত এমন শব্দ শুনছেন, আবার কেউ নির্দিষ্ট কিছু কাজের সময় সমস্যাটি টের পাচ্ছেন।

ওয়েবসাইট স্ক্রল করা, বিভিন্ন অ্যাপ ব্যবহার, নোটিফিকেশন পাওয়া এবং কিবোর্ড চালু করার সময় অস্বাভাবিক শব্দ শোনার অভিযোগ রয়েছে। এমনকি ফোনে কথা বলার সময়ও কয়েকজন ব্যবহারকারী একই সমস্যার কথা জানিয়েছেন।

এ ছাড়া এয়ারপ্লেন মোড চালু বা বন্ধ করা এবং দ্রুত স্ক্রিনের উজ্জ্বলতা পরিবর্তনের সময়ও স্পিকার থেকে শব্দ আসার কথা জানিয়েছেন কেউ কেউ।

বদলি ফোনেও একই অভিযোগ

সমস্যায় পড়া কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ত্রুটিপূর্ণ ফোন অ্যাপলের কাছে ফেরত দিয়ে নতুন ডিভাইস পেয়েছেন। কিন্তু বদলি ফোনেও একই সমস্যা দেখা দেওয়ায় এর কারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এটি সফটওয়্যারজনিত ত্রুটি, নাকি ফোনের হার্ডওয়্যারের সমস্যা—তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি অ্যাপল আইওএস ২৭.০.১ সংস্করণ প্রকাশ করে। আইফোন ১৮ প্রো সিরিজের একটি পৃথক সমস্যা সমাধানে আপডেটটি আনা হয়েছিল। ওই সমস্যায় ফেস আইডি দিয়ে পরিচয় শনাক্তকরণ ব্যর্থ হলে কিছু ডিভাইস পুনরায় চালু হয়ে যেত। তবে নতুন স্পিকার-সংক্রান্ত অভিযোগের সমাধান এই আপডেটে হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি অ্যাপল

স্পিকারে অস্বাভাবিক শব্দের অভিযোগ নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। কতজন ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন কিংবা সব ডিভাইসে একই কারণে ত্রুটি দেখা দিচ্ছে কি না, সেটিও নিশ্চিত নয়।

বিশেষজ্ঞদের মতে, সমস্যাটি সফটওয়্যারজনিত হলে ভবিষ্যতের আইওএস আপডেটে সমাধান আসতে পারে। আর হার্ডওয়্যারের ত্রুটি হলে আক্রান্ত ফোন মেরামত বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

এখন পর্যন্ত এ সমস্যার কারণে আইফোন ১৮ প্রো সিরিজ প্রত্যাহারে অ্যাপলের কোনো রিকল কর্মসূচির ঘোষণাও আসেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন