রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

নিউজ ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে বিক্ষোভে যাওয়ার পথে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির আদেশ দেন।

মুক্তি পাওয়া নেতারা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এর আগে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের আটক করে পুলিশ। যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। পুলিশের ভাষ্য, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছিল।

বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। রাজনীতিবিদ, অভিনেতা ও সাধারণ বিক্ষোভকারীসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়। পরে তাঁদের অনেককে ছেড়ে দেওয়া হয়। যন্তর মন্তরে জমায়েত হতে না পেরে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে ছোট ছোট দলে প্রতিবাদ জানান।

আটক ব্যক্তিদের মধ্যে কেন্দ্রীয় সরকারের সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন। শনিবার গভীর রাতে তাঁকেও মুক্তি দেওয়া হয়।

এদিকে, বিক্ষোভের আগে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের ঘটনায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি হতে পারে। এর আগে শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিক্ষোভের কারণে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ না রাখার নির্দেশ দিয়েছিলেন।

রোববার সকালে দিল্লিতে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও বিভিন্ন স্টেশনে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিলেন।

সিজেপির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং তালিকায় কারসাজি করা হয়েছে। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

দলটির দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়ে দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ তৈরি করা হয়েছে। তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলটির অভিযোগ এবং বিক্ষোভ ঘিরে পুলিশের পদক্ষেপ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন