রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বরাদ্দের প্রতিটি পয়সা দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে দেশের ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সরকারি দায়িত্বকে জনগণের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তাই এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ভবিষ্যতে আবারও বৈঠক করার কথা জানান তারেক রহমান। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা যেন আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন