সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত দুজন হলেন মো. শাহেদ আহম্মেদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের কুমিল্লায়।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। তাঁর ডাকঘর মাদলা।
অন্যদিকে, মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে। তাঁর ডাকঘর ঢালুয়া।
রিয়াদের বিমানবন্দরে এ হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় তাঁদের পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

