রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এক দিনের ব্যবধানে ফের হামলা, আগুনে জ্বলল রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল

নিউজ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনের ব্যবধানে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। সেই ঘটনার পরদিনই ফের হামলার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে নিক্ষিপ্ত অস্ত্র আঘাত হানলে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র, নাকি ড্রোন—তা নিশ্চিত করা যায়নি। এ ছাড়া বিমানবন্দরের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানিয়েছে জোটটি।

এর আগে শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সে সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন গুরুতর আহত হন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।

এই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’

রিয়াদ বিমানবন্দরে পরপর হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন