রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দিল্লির রাজপথে নতুন করে আন্দোলনের প্রস্তুতি, কড়া বার্তা রাহুলের

নিউজ ডেস্ক

ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠেয় এ কর্মসূচিতে বিরোধী দল, ছাত্র-যুবসমাজ ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে কড়া বার্তা দিয়েছেন রাহুল। তাঁর বক্তব্য, এসব নেতার পক্ষে ভারতের মানুষের কণ্ঠরোধ করা সম্ভব নয়। দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভে শিক্ষার্থী ও নারীদের ওপর পুলিশ এবং বিজেপির কর্মীরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী নতুন করে বিক্ষোভের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, আগের দিন দিল্লিতে তরুণেরা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ঘৃণা বা ক্ষোভ প্রকাশ নয়, বরং ভালোবাসার বার্তা দেওয়া ছিল। কিন্তু পুলিশ ও বিজেপির কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

রাহুলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার বিরোধী জোটের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করবেন। ভোট চুরি বন্ধ, এসআইআর স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এক্সে দেওয়া পোস্টে রাহুল বলেন, দল, লিঙ্গ, জাতপাত, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ ভুলে ভারতীয় হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচিতে অংশ নিতে হবে। দেশের তরুণসমাজ, বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন এবং গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

রাহুল আরও বলেন, দেশের মানুষের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। এতে ভোট চুরি বন্ধ, এসআইআর স্থগিত এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে ধরা হবে।

মোদি, অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আরএসএসের প্রধান মোহন ভাগবতকে উদ্দেশ করে রাহুল বলেন, তাঁরা ভারতের কণ্ঠরোধ করতে পারবেন না। ভয় দেখিয়েও বিরোধীদের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মিছিল করার আহ্বানও জানান কংগ্রেস নেতা।

এর আগে রাহুল জানিয়েছিলেন, ১২ অক্টোবর ইন্ডিয়া জোট আবারও রাজপথে নামবে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী ও নারীদের ওপর পুলিশ এবং বিজেপির কর্মীরা সহিংসতা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাহুল বলেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোটের অন্যান্য দল এবং দেশের তরুণেরা বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তাঁদের কণ্ঠস্বর এবার আগের চেয়েও জোরালোভাবে সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভকারীদের ওপর কথিত হামলা এবং তাঁদের সঙ্গে পুলিশের আচরণের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতাদের। রাহুলের বক্তব্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব ঘটনা উপেক্ষা করতে পারেন না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন