দেশে আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন ২০২৭ সালের ২৭ মে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।
এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। সবশেষ পঞ্চম ধাপে অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে আগামী ২৭ মে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে এসব তারিখ ও ইউনিয়ন পরিষদের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নির্বাচন কমিশনের বৈঠক শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচনের সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও আয়োজনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে ভোটের তারিখ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।

