ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। প্রথম ধাপে ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। এরপর ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে পর্যায়ক্রমে বাকি চার ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে কমিশন সভা শুরু হয়।
সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পাঁচ ধাপের ভোটগ্রহণের সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে।
এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কমিশন সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি রাখা হয়েছিল।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পারসোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তির বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল।

