সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়।
রায়ে গ্রামীণ কল্যাণকে দ্রুত করের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ প্রতিষ্ঠানটির রিট আবেদন খারিজ করে এনবিআরের দাবি করা কর পরিশোধের নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। তখন বলা হয়েছিল, আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে।
এর আগে গত ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে আগের রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই সিদ্ধান্ত নেন। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ করবর্ষের আয়কর পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে।
প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। তবে সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ রুল খারিজ করে দেন। ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ খুলেছে।

