জৈনপুরী দরবার শরীফের নাম উচ্চারণে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দরবার শরীফের নাম ‘জৌনপুরী’ বলায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তাঁর বক্তব্যে কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না।’
তিনি আরও বলেন, তাঁর জানামতে ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটি শব্দই সঠিক। তবে এ শব্দগুলোর সঙ্গে তাঁর কাজের সম্পৃক্ততা ও পরিচিতি সীমিত হওয়ায় অনিচ্ছাকৃতভাবে উচ্চারণে ভুল হয়েছে। ভবিষ্যতে শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
এ ছাড়া মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ইসলামের খেদমতে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বলেন, কেউ সঠিক পথে থাকলে নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর বিজয় অনিবার্য।

