মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো, সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) মধ্যে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।
গত ১০ অক্টোবর এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকার ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ান (আরএমবি) ঋণ দেবে। সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পে এ ঋণের অর্থ ব্যয় করা হবে।
ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেংজুন তিয়ান স্বাক্ষর করেন।
প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বন্দরের অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও আধুনিকায়ন করা হবে।
ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রকল্পের জন্য চীন সরকার ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ২০ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে নির্ধারিত থাকবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের অবকাঠামো ও পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কনটেইনার ব্যবস্থাপনায় আধুনিক সুবিধা যুক্ত হবে।

