রাঙামাটিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও প্রতিরোধ, মাদক নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন ও প্রতিরোধ, মাদক নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন উপস্থিত সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম; ডিআইও-১ এস এম মোসাদ্দেকুল মওলা এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. মাহমুদসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

