রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিধবা কার্ড দিলে এমপির পরিবারই আগে সুবিধা পাবে: হাসনাত

নিউজ ডেস্ক

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের পরিবারের সদস্যরাই সবার আগে এর সুবিধা নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের সারের ডিলারশিপ পাওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে এমনকি শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন বলে শোনা গেছে। সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীও সবার আগে সেই কার্ড নেবেন। বেকার কার্ডের ক্ষেত্রেও তাঁরা অগ্রাধিকার পাবেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যেরও কঠোর সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা চুয়েটের উপাচার্যকে চান না। তাঁকে ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশকে আবার পিছিয়ে নিতে চান এবং তাঁদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই। তাঁদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিনির্মাণে জেন-জি প্রজন্মের যোগ্য ও মেধাবীদের প্রাধান্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অন্যরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন