রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

১৫ দিনের মধ্যে এসএসসিতে ফেল শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের পর বছর ফেল করে শিক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার ধারাবাহিকতা বন্ধ করতে চায় সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ৬৫ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফেল করার এই ঐতিহ্য বছরের পর বছর চলতে পারে না। শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট করে একটি বছর পার করার সুযোগ আর দিতে চায় না সরকার।

তিনি আরও বলেন, যারা সাধারণ শিক্ষাধারায় এগিয়ে যেতে পারবে না, তাদের বারবার ফেল করে সময় নষ্ট না করে কারিগরি শিক্ষার দিকে নিয়ে আসা হবে। এর মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নৈতিক শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব

দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার জোরালোভাবে কাজ শুরু করেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই সব বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি প্রজন্মকে নৈতিক ও সামাজিকভাবে উন্নত করে গড়ে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ চালু করা হয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সমন্বয়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন