রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ে কঠোর অবস্থানের ঘোষণা নাহিদের

নিউজ ডেস্ক

গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হচ্ছে উল্লেখ করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্যসহ সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির মাদারীপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

সভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অবস্থানরত মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার জুলাই সনদের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। একই সঙ্গে ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার কথা জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। বর্তমান তারেক রহমানের সরকারকে নিজেদের জাতীয়তাবাদী সরকার হিসেবে প্রমাণ করতে হবে। শুধু মুখে জাতীয়তাবাদের কথা বললে হবে না; কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে, তা দেখাতে হবে।

তিনি আরও বলেন, সরকার যদি জনগণের স্বার্থ রক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে না পারে, তাহলে ধরে নেওয়া হবে পর্দার আড়ালে কোনো সমঝোতা রয়েছে।

এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন