রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং এসব কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আঞ্চলিক অফিসের আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের অগ্রগতি ছক আকারে প্রস্তুত করতে হবে।

নির্ধারিত ছকে এসব তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে মাউশিতে পাঠাতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন