রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এলপিজি ডিলারদের ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। বাংলাদেশে এটি উৎপাদিত হয় না; আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করা হয়। যেসব উৎস থেকে এলপিজি আনা হয়, সেসব অঞ্চলে বর্তমানে যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ডিলার পর্যায়ে ধর্মঘটের ডাক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, ধর্মঘটের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার না করা হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে।

জ্বালানিমন্ত্রী আরও জানান, এলপিজি সরবরাহ পরিস্থিতির কারণে সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। জনগণের স্বার্থ ও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এলপিজি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন