রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

নিউজ ডেস্ক

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটির কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট একযোগে কাজ করছে।

ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন