রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

নিউজ ডেস্ক

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা

নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসরণে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ৭ বছরের মধ্যে থাকতে পারবে।

বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

শ্রেণিভিত্তিক বয়সসীমা নির্ধারণ

নতুন নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় শ্রেণিতে ভর্তির বয়স ৬ থেকে ৮ বছর, তৃতীয় শ্রেণিতে ৭ থেকে ৯ বছর, চতুর্থ শ্রেণিতে ৮ থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে ৯ থেকে ১১ বছর নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১০ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর হতে হবে।

এক শাখায় সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আসন খালি থাকা সাপেক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এ নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার পরিবেশ ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রতিটি শ্রেণির একটি নির্দিষ্ট শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন