হৃৎপিণ্ড সুস্থ রাখতে সুষম খাবারের পাশাপাশি নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। বেদানা ও আঙুর এমন দুটি ফল, যাতে রয়েছে আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ উপাদান। এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ, প্রদাহ কমানো ও হৃদ্স্বাস্থ্যের সুরক্ষায় সহায়ক হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ভেরি ওয়েল হেলথ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, বেদানা ও আঙুর—দুই ফলেই এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে কোনোটিকেই হৃদ্রোগ প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
হৃৎপিণ্ডের স্বাস্থ্যে বেদানা ও আঙুরের ভূমিকা
গবেষণায় নিয়মিত ফল খাওয়ার সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। বেদানা রক্তচাপ কমাতে এবং প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসে সহায়তা করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্যহীনতা, যা কোষের ক্ষতি করতে পারে।
অন্যদিকে, আঙুরেও রয়েছে হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী বিভিন্ন উপাদান। কিছু গবেষণায় আঙুরের উপাদানের সঙ্গে খারাপ কোলেস্টেরল বা এলডিএল নিয়ন্ত্রণ, প্রদাহ কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্তের প্লেটলেটের কার্যক্রমে ইতিবাচক প্রভাবের সম্ভাবনা দেখা গেছে। তবে এসব উপকারের মাত্রা নির্ভর করে খাদ্যাভ্যাস, ফলের পরিমাণ এবং ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের ওপর।
কোন ফলে আঁশ বেশি?
আঁশ হজমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ক্ষেত্রে বেদানা আঙুরের তুলনায় এগিয়ে।
প্রতি ১০০ গ্রাম বেদানায় প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। অন্যদিকে, প্রায় ৯২ গ্রাম আঙুরে আঁশের পরিমাণ প্রায় ১ গ্রাম। তবে আঙুরে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরের পানির চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টে কোনটি এগিয়ে?
বেদানা ও আঙুর—দুটিই অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ফল। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে এবং প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
বেদানার দানা ও রসে পলিফেনলজাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর মধ্যে ‘পুনিকালাজিন’ নামের উপাদানটি নিয়ে গবেষণা হয়েছে। পরীক্ষাগার ও কিছু মানব-গবেষণায় বেদানার উপাদানের সম্ভাব্য হৃদ্স্বাস্থ্যগত উপকারের ইঙ্গিত পাওয়া গেলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।
আঙুরও পলিফেনলসমৃদ্ধ। এতে ফ্ল্যাভোনয়েডসহ বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান রয়েছে, যা রক্তনালির স্বাভাবিক কার্যক্রম ও হৃদ্স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে।
কালো ও লাল আঙুরে রেসভেরাট্রল নামের একটি উপাদানও পাওয়া যায়। এটি কোলেস্টেরল, প্রদাহ ও রক্তে শর্করার নিয়ন্ত্রণে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা চলছে। তবে শুধু আঙুর খাওয়ার মাধ্যমে এসব সমস্যা নিয়ন্ত্রণে থাকবে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
বেদানা নাকি আঙুর—কোনটি খাবেন?
হৃৎপিণ্ড সুস্থ রাখতে বেদানা ও আঙুরের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। দুটি ফলই সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। বেদানা থেকে তুলনামূলক বেশি আঁশ পাওয়া যায়, আর আঙুর থেকেও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেলে।
তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা, আঙুর, আপেলসহ বিভিন্ন ধরনের ফল রাখা ভালো। সম্ভব হলে ফলের রসের পরিবর্তে আস্ত ফল খাওয়া উচিত, কারণ এতে আঁশ বেশি পাওয়া যায় এবং অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকিও কম থাকে।
মনে রাখতে হবে, হৃদ্স্বাস্থ্য রক্ষায় শুধু ফল খাওয়াই যথেষ্ট নয়। নিয়মিত শরীরচর্চা, লবণ ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার সীমিত রাখা, ধূমপান এড়িয়ে চলা এবং রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ।

