রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এক মাস পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটনে ধস

মঈন উদ্দীন , রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানিতে এক মাস ধরে নিমজ্জিত রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। সেতুতে প্রবেশ বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা। কমেছে পর্যটকের আনাগোনা, স্থবির হয়ে পড়েছে সেতুকেন্দ্রিক পর্যটন ব্যবসা। আয় কমে বিপাকে পড়েছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, ট্যুরিস্ট বোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

গত ১১ সেপ্টেম্বর হ্রদের পানির উচ্চতা বেড়ে সেতুর পাটাতন ডুবে যায়। পর্যটকদের প্রবেশ বন্ধ রাখতে সেতুর মুখে বাঁশ দেওয়া হয়েছে। সেতুর অপর পাশে যেতে জনপ্রতি ২০ টাকা দিয়ে বোটে যাতায়াত করতে হচ্ছে। তবে সেতুর ওপর উঠে ছবি তোলার সুযোগ না থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

১৯৮৩ সালে নির্মিত সেতুটি প্রতিবছর বর্ষায় হ্রদের পানি বাড়লে ডুবে যায়। পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতু বন্ধ থাকায় প্রতিদিন টিকিট বিক্রিতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা ক্ষতি হচ্ছে। সেতুটি উঁচু করার জন্য একটি প্রকল্প উন্নয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল উদ্দিন বলেন, পর্যটনশিল্পের ক্ষতি ঠেকাতে সমস্যাটির স্থায়ী সমাধান জরুরি। অন্যদিকে, পর্যটকেরা আগাম তথ্য না পেয়ে এসে হতাশ হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা থেকে আসা পর্যটক মো. তোফাজ্জল।

প্রতি বছর একই সংকটের পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠেছে, রাঙামাটির পর্যটনের প্রধান আকর্ষণটি পানির নিচে তলিয়ে যাওয়ার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ কবে নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন