রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনায় শেকৃবি’র প্রতিবাদ

নিউজ ডেস্ক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা। মাঠটিতে কৃষি গবেষণা ও পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান শেকৃবি পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯২০ সালে তৎকালীন বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট, বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকার ২৬৮ দশমিক ৮২ একর জমি অধিগ্রহণ করে। এই জমির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান গবেষণা মাঠ। পরে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে এরশাদ সরকারের আমলে ২৮ দশমিক ১৩ একর জমি আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ হিসেবে সাময়িক ব্যবহারের জন্য হস্তান্তর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বলা হয়, জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকার ঐতিহাসিক ও নান্দনিক বৈশিষ্ট্য সংরক্ষণে প্রচলিত আইন ও পরিকল্পনাগত বিধিবিধান অনুসরণ করা জরুরি। সেখানে বড় আকারের কংক্রিটের স্থাপনা নির্মাণ করা হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সবুজ এলাকা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন পর শেকৃবি কর্তৃপক্ষ ওই জমিতে উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এমন সময়ে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রায় ৫০ হাজার প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

মানববন্ধন থেকে নগর-পরিকল্পনাবিদদের মতামত ও পরিবেশগত প্রভাব যথাযথভাবে বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গবেষণা মাঠে শেকৃবির কৃষি গবেষণা ও পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শেকৃবি পরিবারের সদস্যরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন