রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এই সাজা কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি সংবাদমাধ্যম এজেল নিউজের প্রতিবেদনে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। বিচার শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে। এরপর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। বুধবার মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে কথিত ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন