রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দীর্ঘ অপেক্ষার অবসান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

নিউজ ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। এ জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে আগ্রহী কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার বেছে নেওয়ার সুযোগও থাকবে। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কর্মীরা যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩৩৮টি এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ার কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের মোট ৩৩৮টি রিক্রুটিং ও প্রসেসিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

প্রথম ধাপে তালিকাভুক্ত ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে নিজেদের উদ্যোগে Job Order বা কর্মী চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে। দ্বিতীয় ধাপে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট এজেন্সি নিজের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে।

তৃতীয় ধাপে Calling Visa, e-Visa-সহ মালয়েশিয়ার প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে বোয়েসেল ও তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে।

চতুর্থ ধাপে মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিতে হবে। এ ক্ষেত্রে কর্মী সংগ্রহ ও নির্বাচন করা রিক্রুটিং এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনেই কর্মীদের ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। প্রয়োজনে প্রসেসিং এজেন্সিগুলো অনাপত্তিপত্র (এনওসি) দিয়ে সহায়তা করবে।

১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, নতুন ব্যবস্থায় আরও বেশি বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তালিকাভুক্ত এজেন্সিগুলো নিজেরাই নিয়োগকর্তা খুঁজে কর্মী চাহিদাপত্র সংগ্রহ এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করতে পারবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালয়েশিয়ার তালিকাভুক্ত এজেন্সিগুলোকে সম্মান করার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্যও শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সরকার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন