রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য বিশেষ প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এ ব্যবস্থা বহাল থাকবে।

বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে একদল ব্যক্তি হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে নিন্দা ও সমালোচনা দেখা দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। ঘটনায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনূসের মতো ব্যক্তিত্বের সঙ্গে দেশের বাইরে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

এ ছাড়া বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন