নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে ১১ মাস আগে তাঁকে কুপিয়ে জখম করা হয়েছিল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত লুৎফুজ্জামান আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।
পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, আলিফ ফকির তাঁর দোকানে সিগারেট কিনতে এসেছিলেন। যাওয়ার সময় মোবাইল ফোন দোকানে রেখে চলে যান। পরে ফোন নিতে আবার ফিরে আসেন। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তি তাঁর পেছন দিয়ে যায়। এরপর তিনি গুলির শব্দ শুনে ভয়ে দোকানের ভেতরে চলে যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

