জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কথা জানান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের একটি দেশ। এ দেশের সংবিধান ও সমাজে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মী হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করবেন এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধা বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন।
জামায়াত আমির আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবাই পূর্ণ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারবেন।
বিবৃতিতে তিনি অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদ্যাপনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ও সতর্ক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

