যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংঘটিত এ হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। এ ছাড়া ৫৪ বছর বয়সী এক শিক্ষক প্রাণ হারিয়েছেন। হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক রয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেন্ড পুলিশ বিভাগের তথ্যমতে, বন্দুক নিয়ে স্কুলে প্রবেশের পর সন্দেহভাজন কিশোরকে স্থানীয় এক ব্যক্তি ধাওয়া করেন। একপর্যায়ে সংঘর্ষের সময় কিশোরটি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর খবর আসে। এর কয়েক মিনিটের মধ্যে স্কুলের ভেতর থেকে একের পর এক জরুরি ফোন পেতে শুরু করে পুলিশ। দুপুর ১টা ২ মিনিটের দিকে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ জানান, স্কুলে উপস্থিত এক স্থানীয় ব্যক্তি বন্দুকধারীকে ভেতরে প্রবেশ করতে দেখে তার পিছু নেন এবং একপর্যায়ে তাকে গুলি করে প্রতিহত করেন।
এ ঘটনার পর বেন্ড-লা পাইন স্কুল ডিস্ট্রিক্টের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওরেগনের গভর্নর টিনা কোটেকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।
সন্দেহভাজন কিশোরের পরিচয় এবং স্কুলটির সঙ্গে তার কোনো পূর্বসম্পর্ক বা বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

