রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

নিউজ ডেস্ক

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সপ্তমী তিথি দুদিন হওয়ায় ছয় দিন ধরে চলবে দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বোধন অনুষ্ঠিত হয়। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, বোধনের মাধ্যমে দক্ষিণায়নে নিদ্রিত দেবীকে জাগ্রত করার বন্দনা করা হয়।

গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। দেবীপক্ষ শুরুর সাত দিন পর দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরাণ অনুসারে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তকালে এই পূজা আয়োজনের কারণে তা বাসন্তীপূজা নামে পরিচিত। অন্যদিকে, রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা যাত্রার আগে শরৎকালে দেবীর পূজা করেছিলেন শ্রী রামচন্দ্র। এই পূজাই শারদীয় দুর্গোৎসব হিসেবে পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাসে একে অকাল বোধনও বলা হয়।

এ বছরের পূজার নির্ঘণ্ট অনুযায়ী, আজ শুক্রবার মহাষষ্ঠীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হবে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল উৎসবের আনুষ্ঠানিকতা এগিয়ে যাবে। এ সময় চণ্ডীপাঠে মুখরিত থাকবে মণ্ডপ ও মন্দির এলাকা।

আগামীকাল শনিবার মহাসপ্তমী, রোববার অধিক পূজাসহ মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের দুর্গোৎসব।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকামতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গ থেকে মর্ত্যে আগমন করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফল ফসল ও শস্যের ক্ষতি। অন্যদিকে, দেবী নৌকায় চড়ে স্বর্গে বিদায় নেবেন, যার ফল হিসেবে শস্যবৃদ্ধির কথা বলা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।

ঢাকা মহানগরীতে এবার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১টি। সড়কের ওপর পূজার আয়োজনের অনুমতি না পাওয়ায় এবার রাজধানীতে মণ্ডপের সংখ্যা তিনটি কমেছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

রাজধানীর কেন্দ্রীয় পূজা উৎসব হিসেবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সেখানে পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদানের আয়োজন রয়েছে। উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হবে বিজয়া শোভাযাত্রা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন