রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‘কিশোর গ্যাংকে উল্টিয়ে ঝুলিয়ে দেবেন’, কঠোর বার্তা চিফ হুইপের

নিউজ ডেস্ক

বরগুনার পাথরঘাটায় কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়া নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। কিশোর গ্যাং সদস্যদের উল্টিয়ে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি এসব অপরাধ দমনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

শুক্রবার পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, পাথরঘাটায় চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। এ সময় থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে সমস্যা থাকলে হয় চাঁদাবাজ থাকবে, নয়তো ওসি থাকবেন। ‘কে থাকবে, আপনি না চাঁদাবাজ?’—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আমি থাকব।’

নুরুল ইসলাম মনি বলেন, পাথরঘাটায় চাঁদাবাজ, দখলদার, পুলিশ ও কোস্টগার্ডের দালাল এবং অনলাইন জুয়াড়িদের থাকতে দেওয়া হবে না। দুই মাসের মধ্যে এসব অপরাধ নির্মূল করতে না পারলে ওসিকে পাথরঘাটা থানা ছেড়ে চলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সাত দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা বরগুনা-২ আসনে গিয়ে বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন চিফ হুইপ। সফরের অংশ হিসেবে তিনি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় করেন।

এ ছাড়া তিন উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেন এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দেন তিনি। পাথরঘাটার লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ীর মধ্যে টিন সহায়তাও বিতরণ করেন।

চিফ হুইপ বলেন, বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়াতে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সড়ক-সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামোর সম্প্রসারণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বরগুনার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে পায়রা, বিষখালী ও বেতাগী সেতুর নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন