আগাম ঘোষণা ছাড়াই রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরেজমিনে প্রতিষ্ঠানগুলোর সেবার মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে দিনভর বিভিন্ন স্থানে যান তিনি।
পরিদর্শনের সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে তা ঠিক করতে দুই সপ্তাহের সময় বেঁধে দেন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে দেন সাত দিনের সময়। এ ছাড়া মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত ঘুরে দেখে পথচারীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্ত
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজ কক্ষে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে।
ঘটনায় অসন্তোষ প্রকাশ করে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কারে দুই সপ্তাহের সময়সীমা
আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন তিনি।
পরিদর্শনের সময় কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করে পথচারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। হকারদের উচ্ছেদের পর ফুটপাত ব্যবহার করে চলাচলে কতটা সুবিধা হচ্ছে, তা জানতে চান তিনি।
এ সময় ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান
মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং অপরিচ্ছন্নতা নানা রোগের ঝুঁকি বাড়ায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তরুণদের শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সচেতন করার আহ্বান জানান।
হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে সাত দিনের সময়
ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা পর্যবেক্ষণে সকালে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্নতা ও পরিবেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন প্রতিষ্ঠানের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সেবার মান, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও জনসাধারণের চলাচলের পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরিদর্শনে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

