রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি হরমুজ প্রণালি ও এর আশপাশে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এ ঘোষণা এল।

আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, তাদের নির্দেশ অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। একই সঙ্গে মার্কিন বাহিনীর সহায়তার ওপর নির্ভর করে এ নৌপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেও জাহাজগুলোকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে বলে সতর্ক করেছে তারা।

সম্প্রতি হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরপর এসব হামলা ও বিস্ফোরণের ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল আইআরজিসি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম ও সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন