রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নতুন ভোটার ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই ধরনের আবেদন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। এসব আবেদন ইস্যুর কার্যক্রম ৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আর ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর।

অন্যদিকে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬। সে অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা ওই তারিখের মধ্যে ভোটার তালিকার ডেটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণকে তালিকা যাচাই এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার বিষয়ে সচেতন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। এ লক্ষ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমেও তথ্যটি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া তালিকায় পুরুষের তালিকায় নারী ভোটার কিংবা নারীর তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হওয়া, ধর্ম-সংক্রান্ত ভুলসহ যেকোনো ধরনের ত্রুটি শনাক্ত হলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর আগে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চায় কমিশন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন