রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দ্রব্যমূল্য নিয়ে ফ্রান্সে রাজপথে বিক্ষোভ, আটক ১৬৬ জন

নিউজ ডেস্ক

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও নিত্যপণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। রাজধানী প্যারিসসহ বড় শহরগুলোতে শনিবার (১৭ অক্টোবর) আন্দোলন তীব্র আকার ধারণ করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় দেশজুড়ে ১৬৬ জনকে আটক করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের মধ্যে দেশটির অন্তত ১৪০টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রায় ৩২ হাজার ৮০০ মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আটক করা হয় ১৬৬ জনকে।

বিক্ষোভের অন্যতম কেন্দ্র ছিল প্যারিসের বিখ্যাত ‘প্লেস দে লা রিপাবলিক’ চত্বর ও এর আশপাশের এলাকা। সেখানে মুখোশধারী বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ে বিক্ষোভকারীরা টাউন হল চত্বরে প্রবেশ করেন এবং বাণিজ্যিক এলাকায় ভাঙচুর চালান। এ ছাড়া লিয়োঁ শহরের একটি স্থানীয় পর্যটন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খাদ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিক্ষোভের প্রধান কারণ হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের চলমান আন্দোলন। গত কয়েক সপ্তাহ ধরে স্কুলগুলোর দুরবস্থা এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও এবারের বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবারই দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রাসেলসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিক্ষোভ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকারের সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা দেখানো এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার দায়িত্বও রয়েছে।

দীর্ঘদিনের মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণ নিয়ে অসন্তোষের কারণে ফরাসি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। এসব ইস্যু ঘিরে চলমান বিক্ষোভ দেশটির বিভিন্ন শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

 

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন