দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তাহলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করে সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি অনেক তরুণ স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থেকে মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। দেশের বড় পরিবর্তন ও অগ্রগতিতে তরুণদের মেধা, সাহস ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাঁদের শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধিকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। প্রত্যেকে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ পান।
এ ছাড়া দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।

