বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রস্তাব জমা দেওয়া হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতে জাপানি প্রতিনিধিদলকে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের সুযোগ করে দেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনাময় একটি দেশ। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী সরকার।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের অংশগ্রহণকে স্বাগত জানানো হবে।
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার এমন অংশীদারত্ব চায়, যাতে বাংলাদেশ ও বিনিয়োগকারী—দুই পক্ষই লাভবান হয়। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করতেও সরকার আগ্রহী।
সভায় জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে তারা আন্তরিক এবং এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরও জানান, বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর মাধ্যমে পর্যটন খাতে সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং নতুন উন্নয়ন উদ্যোগের সুযোগ তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
তবে ঘোষিত ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক প্রস্তাব জমা ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এ বিনিয়োগের ক্ষেত্র ও বাস্তবায়ন পরিকল্পনা স্পষ্ট হবে।

