রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশে রোগীর হিসাবে শীর্ষে উচ্চ রক্তচাপ, বছরে মারা যান পৌনে ৬ লাখ

নিউজ ডেস্ক

বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। এ রোগের কারণে সৃষ্ট বিভিন্ন অসংক্রামক রোগে বছরে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। জনস্বাস্থ্য উন্নয়নে সরকার সম্প্রতি স্বাস্থ্য বাজেট বাড়িয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বর্ধিত বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় করা গেলে এ রোগজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশে শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দায়ী বলে কর্মশালায় উল্লেখ করা হয়।

উদ্বেগের বিষয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ এ রোগে আক্রান্ত।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বরাদ্দের উল্লেখযোগ্য অংশ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে। অথচ স্বাস্থ্য বাজেটে এ খাতের জন্য বরাদ্দ মাত্র ৪ দশমিক ২ শতাংশ। বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এতে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

কর্মশালায় বক্তারা উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওষুধের সহজলভ্যতা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন