রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা আসেননি, তারা জুলাইকে ধারণ করেন না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বর্তমান বিরোধী দল গঠনমূলক সমালোচনার পরিবর্তে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে। তবে সেই সমালোচনা হওয়া উচিত গঠনমূলক। সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার উপস্থিত না থাকার বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধীদলীয় নেতা যোগ দেননি। বিএনপির সঙ্গে একই মঞ্চে বসতে আপত্তি থাকলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধীদলে।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও বর্তমান বিরোধী দল—উভয় পক্ষই জনগণের কাছে গিয়েছিল। ভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করেছে আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে এবং কারা বিরোধী দলে থাকবে। তারেক রহমানের ভাষ্য, অনুষ্ঠানে অংশ না নিয়ে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।

মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে বিরোধী দলকেও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে জনগণ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন