রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক

নিউজ ডেস্ক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নিজের পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইশরাক।

তিনি বলেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

ইশরাক আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনীত করে, সে ক্ষেত্রেও তাঁকে বিজয়ী করতে তিনি শতভাগ প্রস্তুত আছেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। তাঁর কারণে সরকারের কোনো কার্যক্রম যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন।

মাদকবিরোধী অভিযানে নিজের ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। এর মধ্যেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানালেন ইশরাক হোসেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন