রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পে-স্কেল চালু হলেও আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নিউজ ডেস্ক

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত আগের হারেই ভাতা পাবেন। চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারেই ভাতা বহাল থাকবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। ভাতা আপাতত না বাড়লেও চলতি মাসেই নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।

অর্থ বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময় ভাতা পরবর্তী সময়ে সমন্বয়ের বিষয়টিও জানানো হয়।

নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতন-ভাতা কার্যকর করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর করা হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হওয়ার কথা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ অনলাইনে দ্রুতগতিতে চলছে। সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (আইবাস++)-এ গত ৫ অক্টোবর থেকে কর্মচারীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করছেন। মঙ্গলবার এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতন পেতে পারেন। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দও রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন