রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইশরাকের পদত্যাগ পুনর্বিবেচনার দাবি জেজেইউর

নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের আবেদন গ্রহণ না করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটির মতে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ইশরাকের মন্ত্রিসভায় থাকা গুরুত্বপূর্ণ।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল।

বিবৃতিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ইতিবাচক হলেও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের বিষয়টি ভুল ছিল। এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন এবং কোন পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শন করতে বাধ্য হয়েছিলেন, তা ব্যাখ্যা করেছেন। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, মাদক কারবারিদের হামলার মুখে তিনি অস্ত্র প্রদর্শন করেছিলেন।

জেজেইউ মনে করে, ইশরাকের পদত্যাগ কার্যকর হলে ঢাকাসহ সারা দেশে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। সরকারের মাদকবিরোধী অবস্থানের স্বার্থে তাঁর পদত্যাগের আবেদন গ্রহণ না করে পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি আরও বলেছে, ইশরাক হোসেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনীতিবিদ। প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকেও তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে ছিলেন। তাঁর পদত্যাগ কার্যকর হলে জুলাইবিরোধী পক্ষ শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করে জেজেইউ।

তবে ইশরাকের সব কর্মকাণ্ড ও চিন্তাভাবনার সঙ্গে সংগঠনের সদস্যরা একমত নন বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। জেজেইউ জানায়, জুলাইয়ের স্বার্থে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

বিবৃতিতে ইশরাক হোসেনের প্রতি বর্তমান ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়িয়ে চলার প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে তাঁর পদত্যাগের আবেদন গ্রহণ না করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন