আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করা হলেও তাঁকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার শ্রী শ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। এ সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করতে হয়েছে, অথচ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে না। তাঁর ভাষায়, দেশবাসী এখন অপেক্ষা করছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্কের জেরে ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তিনি সংসদ সদস্য পদ ছাড়লেও এখনো গ্রেপ্তার হননি। তাঁর অভিযোগ, বর্তমানে দেশ পরিচালনায় এক ব্যক্তির ইচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনা প্রাধান্য পাচ্ছে। এটি গণতন্ত্র ও আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কমিটির নামে সরকার এখনো এক ধরনের নাটক চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, সচেতন জনগণ ইতিমধ্যে এ কমিটিকে প্রত্যাখ্যান করেছে।
নাহিদ ইসলামের অভিযোগ, দলীয় সমর্থনপুষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিএনপি আগে মেনে নেওয়া সংস্কারগুলোর বিরুদ্ধেই বক্তব্য দেওয়াচ্ছে। তিনি এ প্রক্রিয়াকে জনগণের সঙ্গে প্রহসন বলে আখ্যা দেন।

