নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি আরপি পরিবহনের।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনকে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে বাস ও ট্রাকের সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

