রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী, অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এটিই তার প্রথম রংপুর সফর।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ।

মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের খোঁজখবর নেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এর আগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জের পাগলাপীর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। সেখানে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে একই দিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তারেক রহমানের। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। রাজশাহীতে পৌঁছে সার্কিট হাউসে যাত্রাবিরতি এবং বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন।

চট্টগ্রামে বিকেল সাড়ে ৫টায় জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন