রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পূজার টানা ৫ দিনের ছুটি শুরু, ঢাকা অনেকটাই ফাঁকা

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন মানুষ। গতকাল সোমবার থেকেই বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন অনেকে। আজও বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখী যাত্রীদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।

দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও দীর্ঘ ছুটির সুযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ছুটছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। কর্মব্যস্ত নগরজীবন থেকে বিরতি নিয়ে স্বজনদের সঙ্গে কয়েকটি দিন কাটানো এবং শিকড়ের টানে বাড়ি ফেরার আনন্দে রাজধানী ছাড়ছেন অনেকে।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। পরিবারের সঙ্গে উৎসব উদযাপন ও ছুটির সময়টুকু কাজে লাগাতে অনেকে আগেভাগেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মঙ্গলবার থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা। ছুটি শেষে আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম আবার শুরু হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন