যুক্তরাষ্ট্রে ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দেশটির কৃষি বিভাগ ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’ নামে একটি নতুন কর্মসূচি চালু করবে। এর আওতায় কৃষকদের এককালীন অর্থ দেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ফসল কাটার মৌসুমে ডিজেলের ব্যয় মেটাতে কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ ৮ বিলিয়ন ডলারের কর্মসূচি চালু করবে।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের জন্য ট্রাম্পের ধারাবাহিক আর্থিক সহায়তা ও সুবিধা ঘোষণার সর্বশেষ উদ্যোগ এটি। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যদিও ব্যবধান খুবই কম।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনাও বাড়ছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিনির্ভর অঙ্গরাজ্যগুলোতে সমর্থন ধরে রাখতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
চলতি মাসের শুরুতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তার দাবি, এর ফলে করমুক্ত ডিজেলের প্রাপ্যতা বাড়বে।
সোমবার ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ফসল কাটার মৌসুমে কৃষকদের এককালীন সহায়তা দিতে ৮ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হবে। সাময়িক বাজার-বিঘ্ন এবং উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমানো এ কর্মসূচির লক্ষ্য।
কৃষি বিভাগের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ফসল উৎপাদন বছরে সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে নির্ধারিত সূত্রের ভিত্তিতে কৃষকদের আনুপাতিক হারে অর্থ দেওয়া হবে। বিভাগটির ফার্ম সার্ভিস এজেন্সির মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে।
কৃষকদের সহায়তার পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তবে এ পরিকল্পনা নিয়ে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য সংশয় প্রকাশ করেছেন।
এ মাসের শুরুতে ট্রাম্প আরও ঘোষণা দেন, মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতাভুক্ত ২ কোটির বেশি বয়স্ক মার্কিন নাগরিককে সরকার এককালীন ৯০ ডলার করে দেবে।
মধ্যবর্তী নির্বাচনের আগে এসব আর্থিক প্রতিশ্রুতি ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে ঘোষিত সহায়তাগুলোর বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় সেগুলোর প্রভাব কতটা হবে, তা নিয়ে আলোচনা রয়েছে।

