ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পর রাজধানীজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে বিশেষ নিরাপত্তা বার্তা পাঠিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। এতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকও এ ধরনের শব্দ শোনার কথা জানিয়েছেন।
তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

