রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাজনৈতিক নেতারা দুর্নীতিমুক্ত হলেই দুর্নীতি বন্ধ সম্ভব: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ ব্যর্থ হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধের প্রথম শর্ত হলো, যারা দুর্নীতি প্রতিরোধের কথা বলছেন, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। তা না হলে এ উদ্যোগ সফল হবে না।

মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে। তাদের অনেকেই মাদকের দিকে ঝুঁকছে। শিক্ষার্থীদের এ পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবার পাশাপাশি যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীলদের আচরণ নিয়েও সতর্ক করেন আইনমন্ত্রী। তিনি বলেন, কোনো স্কুলের পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করলে তা সহ্য করা হবে না। একইভাবে প্রধান শিক্ষকও যদি শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ান, সেটিও কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন